কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নারীদের উত্ত্যক্ত ও বাল্যবিবাহ বন্ধ হতে পারে ------ড. মুহম্মদ জাফর ইকবাল

বিজ্ঞানী ও লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন,‘কিছু হলেই আমরা বিদেশের সঙ্গে তুলনা করি। বিদেশে অমক আছে, তমক আছে। আমি কিন্তু বিদেশের সঙ্গে তুলনা করতে রাজি না। আমরা এমন একটা দেশ চাই, যেখানে মানুষ অপরাধ করবে না। গতকাল রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-এর উদ্বোধনী আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, পৃথিবীর অনেক আধুনিক দেশ রয়েছে যে দেশের অবস্থা ভালো না। মার্কিন যুক্তরাষ্ট্রের জেলখানায় যত মানুষ রয়েছে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশের জেলখানায় এত মানুষ রয়েছে। নেদারল্যান্ড, ডেনমার্কের মতো দেশে যথেষ্ট অপরাধী না থাকায় জেলখানা বন্ধ করে দেওয়ার চিন্তা করছে। তিনি কমিউনিটি পুলিশিংয়ের সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এজন্য স্বেচ্ছাসেবীদের প্রশংসা করেন। এ সময় তিনি সবাইকে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন ।

ড. জাফর ইকবাল বলেন, ‘যখন আমি রাজারবাগ পুলিশ লাইনে ঢুকি, তখন মনে হয় আমি একটা তীর্থস্থান এসেছি। এ জায়গা যেই জায়গা যেখানে পাকিস্তান আর্মির বিরুদ্ধে প্রথম বুলেটটি নিক্ষিপ্ত হয়েছিল। সেই পুলিশ বাহিনীর পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা ছিল না। কিন্তু তারা প্রথম প্রতিরোধ করেছিল।’

তিনি বলেন, ‘দেশে যে পরিমাণ পুলিশ সদস্য থাকার কথা আমাদের দেশে তার ১০ শতাংশের এক শতাংশ রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নারীদের উত্ত্যক্ত ও বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।