পুলিশপ্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘প্রযুক্তির ভালো দিক যেমন ব্যবহার করছি, সেই সঙ্গে এর মাধ্যমে ঝুঁকিও রয়েছে। সেই ঝুঁকির কাছে আমরা কখনোই আত্মসমর্পণ করতে চাই না। গতকাল রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিদিন প্রযুক্তির আধুনিকায়ন হয়। এজন্য র্যাব-পুলিশকে পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে সঙ্গে এগিয়ে থাকতে হবে।’ পুলিশপ্রধান বলেন, ‘পুলিশের আগামী চ্যালেঞ্জ হলো, সাইবার জগতের সোশ্যাল মিডিয়া। পুরাতন অপরাধ কমছে কিন্তু প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে। সাইবার জগত দেশের জন্য, মানুষের জন্য হুমকি তৈরি করছে। সাইবার অপরাধ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে এখনই। ’
পুলিশ দেশের জনগণ, সরকার ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমাদের পেশাদার, সেবামূলক, জনবান্ধব, নারীবান্ধব ও শিশুবান্ধব সর্বোপরি মানবিক পুলিশিংয়ের মাধ্যমে দেশকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। পুলিশিং কার্যক্রমে অধিকতর জনসম্পৃক্ততা ও অংশীদারিত্বের মাধ্যমে তা অর্জন করা সম্ভব। কমিউনিটি পুলিশিংয়ের সেই ধারণাকে, সেই যোজনাকে আরো সমৃদ্ধি করতে চাই।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খ্যাতিমান বিজ্ঞানী ও লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।