খুলনায় মাদক মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

খুলনায় মাদক মামলায় মোমিন গাজী নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণরা সময় আসামি মোমিন গাজী আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার জামরুলতলার মৃত গফুর গাজীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২ মার্চ রাত পৌনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকদ্রব্য বেচাকেনার সময় নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ নম্বর রোডের নম্বর ২৮ নম্বর প্লটে অভিযান চালিয়ে ৬০ কেজি গাজা ও নগদ পাঁচ হাজার টাকাসহ মোমিন গাজীকে গ্রেফতার করে।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবির বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২৮ মে মোমিন গাজীকে আসামি করে তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

ইত্তেফাক/এএএম