খুলনায় স্ত্রী পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রফিক শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অপর একটি ধারায় তাকে আরও ৭ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রফিক রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবেদ শেখের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালে পারিবারিকভাবে রফিক শেখের সঙ্গে বাগেরহাটের ফকিরহাট উপজেলার হালিমা বেগমের ছোট মেয়ে মরিয়মের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর মোবাইল ফোনে কথা নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০২০ সালের ১২ আগস্ট দুপুরে বাড়ি এসে রফিক তার স্ত্রীকে না পেয়ে সন্দেহ করে। বাড়ি ফেরার পর বাইরে থাকার কারণ জানতে চাইলে তার স্ত্রী কোনো উত্তর দিতে পারেনি। এ ঘটনায় রফিক তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী পর দিন সকালে রফিক দেবীপুর গ্রামের দীপক দাসের পানের বরজের মধ্যে পেট্রোল ও কয়েকটি ইট রেখে আসে। তারা রূপসা ব্রিজসহ বিভিন্ন জায়গা ঘুরে রাত ১০টায় পানের বরজের মধ্যে পৌঁছায়। এ সময় কিছু বুঝে উঠার আগেই মরিয়মের মাথায় ইট দিয়ে আঘাত করে রফিক। মৃত্যু নিশ্চিত করে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে এসে রফিক জানায় মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন পর পানের বরজের ভিতর থেকে পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের খবর পেয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে গিয়ে মেয়েকে শনাক্ত করেন হালিমা বেগম। এ ব্যাপারে তিনি রূপসা থানায় রফিক শেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি