‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন না হলে চতুর্থ শিল্প বিপ্লব সফল হবে না’

বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, শিক্ষার মান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না করতে পারলে প্রত্যাশিত চতুর্থ শিল্প বিপ্লব সম্ভব হবেনা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান উন্নত করতে হবে। এসডিজির ১৭টি অভিষ্ট শিক্ষার মান উন্নয়নের সাথে সম্পর্কিত। এর মধ্যে একটি সরাসরি শিক্ষার সাথে জড়িত। সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে শিক্ষকদের ভূমিকা রয়েছে। যদি সেটি না হয় তাহলে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে কথা বলছি তাহলে তা কিন্তু সম্ভব হবে না। 

রবিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাতা: বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও সেন্টার অব বাজেট এ্যান্ড পলিসি। 

প্রতিমন্ত্রী বলেন, আমাদের একটি হতাশার বিষয় রয়েছে যে, বিভিন্ন দেশের মানুষ এসে এখান থেকে ৬ বিলিয়ন ডলার নিয়ে যায়, তারও কিন্তু শেষ হতে হবে৷ তবে এটিকে ইতিবাচক দেখিয়ে তিনি বলেন, তারা নিয়ে যাক, তাদের ৬ বিলিয়ন নেওয়ার জন্য ১১ থেকে ১৩ বিলিয়ন ডলার তৈরি করতে হয়। 

তিনি বলেন, এসডিজি বাস্তবায়নের উপায় হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব হবে৷ ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিলো না। এর মাধ্যমে তৎকালীন সরকার বাংলাদেশকে দশ বছর পিছিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালে ক্ষমতায় এসে আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্যোগ নেন। উন্নয়ন পরিকল্পনার জন্য আমরা জিডিপির উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছি। দক্ষিণ এশিয়ায় আমরা প্রথম হতে পেরেছি। 

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি এক্সক্লুসিভ এজেন্ডা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং শুধু একটি এজেন্ডা দিয়ে হবে না, ১৭টির সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং তৈরি করা হবে। সেজন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে হবে। 

এসময় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ইত্তেফাক/এমএএম