সৌদির সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক বাংলাদেশের

সৌদি আরবের সাথে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এই সমঝোতা স্মারক সই হয়।

 

বাংলাদেশের পক্ষে এই স্মারকে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন সেদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লে. জেনারেল মুতলাক বিন সালিম আল উজাইমিয়া।

 

এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, দূতাবাসের মিশন উপ-প্রধান ড. মো. নজরুল ইসলাম ও ডিফেন্স এট্যাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরী উপস্থিত ছিলেন। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন : ব্রেক্সিট ইস্যুতে ভোটে ফের হারলেন থেরেসা মে

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এবং পররাষ্ট্রনীতি অনুসরণ করে এই সহযোগিতা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে।

 

সৌদি আরব ও বাংলাদেশ এই সমঝোতা স্মারকের আওতায় সামরিক প্রশিক্ষণ, অনুশীলন ও শিক্ষা, সামরিক তথ্য ও গোয়েন্দা, প্রতিরক্ষা শিল্প, সরবরাহ ও রক্ষণাবেক্ষণ, পরিদর্শন ও দক্ষতা বিনিময়, সামরিক চিকিত্সা ও গবেষণা, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, বিজ্ঞান ও প্রযুক্তি, সামরিক সদস্যবৃন্দের বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা ও জলদস্যু রোধ ক্ষেত্রে সহযোগিতা করবে। সৌদি আরব ও বাংলাদেশ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ করতে পারবে এবং এই সমঝোতা স্মারক বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

 

ইত্তেফাক/ইউবি