শ্বশুরের মৃত্যুর পর জামাইকে মনোনয়ন দিলো আওয়ামী লীগ

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচ আযম খানের আকস্মিক মৃত্যুতে ওই পদে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত ব্যক্তি রফি নেওয়ান খান রবিন। তিনি আযম খানের মেয়ের জামাই। ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিবারণ চন্দ্র। 
 
বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার কথা জানিয়ে বলেছেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী হতে হয়েছে।

এর আগে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এএইচ আযম খানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আযম খান গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দলের জেলা কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি বগুড়া জেলা পরিষদেরও সদস্য ছিলেন।

আরো পড়ুন: ভারতের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সোমবার রাতে ঢাকা থেকে ট্রেনে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। পরদিন মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি বগুড়া রেল স্টেশনে পৌঁছান। এরপর রিকশায় বাড়ি যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মেয়ের জামাই আওয়ামী লীগ নেতা রফি নেওয়াজ খান জানান, আযম খানের স্ট্রোক হয়েছিল।

ইত্তেফাক/অনি