কৃষকের ২১ বিঘা জামির ফসল এক রাতে নষ্ট করলো দুর্বৃত্তরা

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন রুপাতলা মাঠে প্রায় ২১ বিঘা জমির পেঁয়াজ ও রসুনের জমিতে কীটনাশক ওষুধ স্প্রে করে ব্যাপক ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতের আধারে দুর্বৃত্তরা চিনিরুদ্দিন মণ্ডলের ছেলে সহিদ মণ্ডলের ২১ বিঘা জমিতে কীটনাশক ওষুধ স্প্রে করা হয়। এতে সহিদের প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত সহিদ মণ্ডল জানান, ‘বৃহস্পতিবার দুপুরে আমার আবাদি জমিতে গিয়ে দেখি ফসলের ব্যাপক ক্ষতির অবস্থা। ওই মাঠে শুধু আমার পেঁয়াজ ও রসুনের ক্ষেত সাদা অন্যাদের জমির ফসল ঠিক আছে।’

আরো পড়ুন: ‘কৈ’ মাছ কেড়ে নিলো যুবকের প্রাণ

তিনি আরো বলেন, ‘পার্শ্ববর্তী বালিয়াকান্দি উপজেলার নারুয়া থেকে এসে মধুখালী উপজেলার ডুমাইন মাঠপাড়া এলাকায় বাড়ি করেছেন তিনি। ডুমাইন গ্রামের কিছু লোকের জমি লিজ নিয়ে প্রতি নিজেই পেঁয়াজ ও রসুন আবাদ করে জীবিকা নির্বাহ করেন। ফসল ও খুব ভাল হয়। কিন্তু জমি লিজ নেওয়ার সময় আশেপাশের অনেকের সঙ্গে লিজ বিষয়ে বিরোধ ছিলো। সেই বিবাদের জের ধরে আমার এ ধরণের ক্ষতি করতে পারে। বিষয়টি তাৎক্ষণিক ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশীদ আলম মাসুমকে জানয়েছি। এবং শুক্রবার মধুখালী থানায় একটি অভিযোগ দিয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান খুরশীদ আলম মাসুম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন: আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে খুন

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘ক্ষতিগ্রস্তের শিকার সহিদ মণ্ডল থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/বিএএফ