কলেজছাত্র অপহরণের নয় ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ায় এক কলেজছাত্রকে অপহরণের নয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শুক্রবার ভোরে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায়  গ্রেপ্তার করা হয় দুই অপহরণকারীকে। অন্যরা পলাতক। 

অপহৃত কলেজ ছাত্র বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্স শিক্ষার্থী মো.আবুল হাসনাত (২৩)।  

গ্রেপ্তার হওয়া অপহরণকারী দলের দুই সদস্য হলো, ফেরদৌস হাসান (২৪) ও শিবলু (২৩)। তাদের বাড়ি শহরের পূর্ব পালশা এলাকায়। 

সদর থানা পুলিশ জানায়, মো.আবুল হাসনাত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কামারগাড়ি মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন যুবক তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান।পরে শহরের পূর্ব পালশা এলাকার একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করে।
অপহরণকারী দলে একজন হাসানাতের মুঠোফোনে থেকে তার বাবার মুঠোফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু হাসানাতের বাবা টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পুলিশের সহযোগিতা নেন।
  
এক পর্যায়ে পুলিশ ফেরদৌস ও শিবলুকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যে হাসানাতকে পালশা ভবের বাজার এলাকার বাঁশ ঝাড় থেকে ভোরে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় হাসানাতের বাবা মো. হারেছ আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

আরো পড়ুন: ব্যারিস্টার রাজ্জাকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি: জামায়াত সেক্রেটারি

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/অনি