স্বাস্থ্যসেবা বিষয়ক প্রকাশনা ‘ডাক্তার বাড়ী’র মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন। ‘স্বাস্থ্যসেবা আপনার দরজায়’ এই মূলমন্ত্র নিয়ে প্রকাশনাটির লেখক ডা. ফেরদৌস খন্দকার।
রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সর্বসাধারণের মধ্যে সহজ ভাষায় স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে এই বইটি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফকরুল ইসলাম মুন্সী, নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সভানেত্রী রানা ফেরদৌস, খালিদ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ইউএসএ’র সাধারণ সম্পাদক আনিসুল কবির জাসির। সভাপতিত্ব করেন বইটির লেখক ও নিউইয়র্কের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার, এম বি বি এস, এমডি, এফ এ সি পি।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, আমার কর্মক্ষেত্র মানুষের স্বাস্থ্য। চিকিত্সা বিজ্ঞান আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রাথমিক সোপান হচ্ছে আমার জন্মভূমি। চিকিৎসা সম্পর্কে মানুষকে শুধু সচেতন করাই নয় অপচিকিত্সা, কুসংস্কার বা হাতুড়ে চিকিৎসার বিরুদ্ধে সচেতন করাটাও আমার লক্ষ্য। আর এ প্রচেষ্টার ক্ষুদ্রতম প্রয়াস হলো ‘ডাক্তার বাড়ী’।
উল্লেখ্য, শোভা প্রকাশনীর প্রকাশনায় বইটি ২১’র বইমেলায় পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/এএম