মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুতের খুঁটির জন্য সড়ক নির্মাণ ও রাস্তা প্রশস্ত করণের কাজটি বাঁধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার, সড়ক ও জনপথের কর্মকর্তারা। দিনের পর দিন বন্ধ রাখতে হচ্ছে তাদের কার্যক্রম।
ঠিকাদার প্রতিষ্ঠান ও সওজ বলছে, পল্লী বিদ্যুৎ সড়কে থাকা খুঁটি গুলো সরিয়ে না নিলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিতে পারবেন না।
সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ার পরাণ ভৌমিক অভিযোগ করে বলেন, ভবেরচর বাসস্ট্যান্ড ও ভবেরচর বাজার দোকান ব্যবসায়ীরা রাস্তা প্রশস্ত করার সময় বাঁধা দিচ্ছেন এবং স্থানীয় কিছু চাঁদাবাজ চাঁদার জন্য শ্রমিকদের মারধরসহ যন্ত্রপাতি কেড়ে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে বলেও কোনো কাজে হচ্ছে না। রাস্তার কাজ চলাকালীন সময়ে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে রাস্তায় থাকা বিদ্যুতের খুঁটি গুলো।
স্থানীয় হোটেল ব্যবসায়ী অভিনাস চৌধুরী জানান, তারা রাস্তা নির্মাণে বাঁধা দিচ্ছেন না। তবে রাস্তার জন্য যতটুকু জায়গা প্রয়োজন তার মধ্যেই কাজ করতে বলেছেন।
দায়িত্বে থাকা সড়ক ও জনপথের ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান বলেন, সড়কে অবস্থিত পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর খরচ বাবদ চলতি বছরের ১৬ জানুয়ারি ৩১ লাখ টাকা পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। তবে টাকা জমা দেওয়ার এক মাস অতিবাহিত হলেও খুঁটি সরানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যায়নি। খুঁটি না সরানোর ফলে কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি দাবি করেন, অতি দ্রুত যেন বিদ্যুতের খুঁটি গুলো সরানো হয়।
আরো পড়ুন: সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূরের শপথ গ্রহণ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ-৩ (গজারিয়া জোনাল অফিসের) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইমরান গনি জানান, খুঁটি সরানোর বিষয়ে এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা আসেনি। উন্নয়নের স্বার্থে যেখানে খুঁটির কারণে কাজ বন্ধ আছে তারা জানালে সেই খুঁটি গুলো সরিয়ে দেওয়া হচ্ছে। নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে সব গুলো খুঁটি সরিয়ে নির্ধারিত স্থানে স্থাপন করা হবে।
ইত্তেফাক/অনি