একজন পাঠকের সন্ধানে...

ঠাট্টা :আপনি বইমেলায় কী কী বই কিনবেন বলে ভেবেছেন?

পাঠক-১ :ভাবনার কিছু নেই। ঘুরতে এসেছি, ঘোরাঘুরি শেষ হলে বাদাম খেয়ে চলে যাব।

ঠাট্টা :এখানে আরেকজন দর্শককে দেখতে পাচ্ছি। আচ্ছা আপনিও কি বইমেলায় ঘুরতে এসেছেন?

পাঠক-২ :না। ঘুরতে আসিনি।

ঠাট্টা :তাহলে নিশ্চয়ই বই কিনতে এসেছেন?

পাঠক-২ :আপনাকে কে বলল যে আমি বই কিনতে এসেছি? আসলে আমার খুব শখ আমি আমার চেহারা টিভিতে দেখাব। আপনি তো জানেন, এখানে এত পরিমাণ টিভি চ্যানেল আছে যে, একটু বুদ্ধি খাটিয়ে চললেই টিভির সামনে চেহারা দেখানো সম্ভব। আমি তাই টিভি ক্যামেরম্যানের আসে পাশে ঘুরছি।

ঠাট্টা :সামনে একটু এগিয়ে যাই। আমরা এখানে দুজন ছেলেমেয়েকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই বই কিনতে এসেছেন?

পাঠক-৩+৪ :মোটেই না। আমরা আসলে ডেট করতে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যানে মাঝে মধ্যেই আমরা ডেটে আসি। আজও আসলাম, ঘুরে বেড়ানো হলো, পাশাপাশি বই দেখা হলো।

ঠাট্টা :এইখানে আমরা দেখতে পাচ্ছি একজন বই নিয়ে সেলফি তুলছেন। অবশেষে একজনকে পেলাম যিনি বই কিনেছেন। আপনি কী বই কিনলেন?

পাঠক-৫ :আমি আসলে কোনো বই-ই কিনিনি। এখন পর্যন্ত আমার ফেসবুকের ৮৭ জন লেখক ফ্রেন্ড অনুরোধ করেছেন যে, তাদের লেখা বই কিনে ছবি তুলে ইনবক্স করতে। এতগুলি বই কেনা কি সম্ভব? আমি তাই একেকটা স্টলে যাচ্ছি, আর বই হাতে নিয়ে সেলফি তুলে লেখকদের ইনবক্স করছি। এতে তারা খুশি হবে, টাকাও বাঁচবে!

ঠাট্টা :দুঃখের বিষয় এখন পর্যন্ত কাউকে পেলাম না, যিনি বই কিনবেন। যা হোক, একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। আচ্ছা আপনিও কি অন্যদের মতো ঘুরতে এসেছেন?

পাঠক-৬ :মোটেই না। আমি অবশ্যই বই কিনব।

ঠাট্টা :কী কী বই কিনবেন বলে ঠিক করেছেন?

পাঠক-৬ :এখনো কিছু ঠিক করিনি। ঘুরে ফিরে দেখব। সেলিব্রিটি টাইপের কোনো লেখক পেলে তার বই কিনে একটা অটোগ্রাফ নিব আর সেলফি তুলে ফেসবুকের প্রোফাইল পিকচার দিব। অবশ্য এখন পর্যন্ত তেমন কাউকে পাইনি পেলে তাদের সাথে একটা সেলফি তুলতে হবে। আচ্ছা, এই ব্যাপারে আপনি কি কিছু জানেন যে, তারা কখন আসবেন?