রাত পোহালেই ভালোবাসা দিবস! পাশের রুমের ছেলেগুলো একত্রিত হয়ে আগামীকাল কার কী প্ল্যান, সেসব নিয়ে গল্পে মেতে উঠেছে! মেসের দু-একজন বন্ধু এসে নতুন কেনা পাঞ্জাবি দেখিয়ে গেল। চুপচাপ সকলের কাণ্ডকীর্তি দেখে যাচ্ছি! আমি ওদের গল্পে নিজে যোগ দিইনি তা নয়, আসলে ওরাই আমাকে ডাকেনি! কারণ ওরা জানে পুরো মেসজুড়ে একমাত্র আমিই এখনো পর্যন্ত সিঙ্গেলব্রত ধরে রেখেছি!’
ক্লাসে এত সুন্দর সুন্দর মেয়ে বন্ধু, জুনিয়রস, এমনকি আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টজুড়ে সুন্দরীদের ছড়াছড়ি। অথচ কারও সাথেই আগবাড়িয়ে কথা বলা হয়ে ওঠে না, এজন্যই প্রেমটাও হয়ে ওঠেনি আজও।
ঘড়িতে বারোটা বেজে গেছে! হঠাত্ ফেসবুক মেসেঞ্জারটা টুং করে বেজে উঠল। মোবাইল ফোনটা চোখের সামনে ধরতেই দেখলাম আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের প্রথম সারির সুন্দরী এক মেয়ে নক দিয়েছে! মেয়েটাকে চিনি, বেশ সুন্দরী। ফেসবুকে
ও নিয়মিত ছবি আপলোড করে, ওর একেকটা ছবি দেখে কত যে দীর্ঘশ্বাস ফেলেছি তার ইয়াত্তা নেই! তবে ওর সাথে সরাসরি বা মেসেঞ্জারে কখনো কথা বলা হয়ে ওঠেনি! আজকে ও নক দিয়েছে প্রথমবারের মতো।
ভাবলাম হয়তো ‘হাই’ ‘হ্যালো’ টাইপ কোনো মেসেজ দিয়েছে! কিন্তু মেসেজ সিন করতেই চমকে গেলাম! এটা কোনো ‘হাই’ ‘হ্যালো’ টাইপ মেসেজ না, এক্কেবারে Voice Message! এমনিতেই আজ ভালোবাসা দিবস, তার উপর ভয়েস মেসেজ দেখেই কী না বুকের মধ্যে হূদকম্পন বেড়ে গেল! হূদকম্পনের দ্রুম-দ্রাম শব্দ এতটাই জোরে জোরে হচ্ছিল, মনে হচ্ছিল আশপাশের রুমের ছেলেগুলোও হয়তো শুনতে পাচ্ছে!
ভয়েস মেসেজটা প্লে করার আগে একটু ভাবতে বসলাম যে মেসেজটাতে কী থাকতে পারে! একবার ভাবলাম যেহেতু কাল ভ্যালেন্টাইনস ডে, মেয়েটা নিশ্চয়ই কোনো একটা রোমান্টিক গান নিজে পাঠিয়েছে!
নাকি আবৃত্তি করে পাঠিয়েছে কোনো রোমান্টিক কবির তুফান বইয়ে দেওয়া প্রেমের কবিতা? এমনটাও তো হতে পারে আমার প্রশংসা করে বিশাল একটা ভয়েস মেসেজ দিয়েছে! উঁহু, হয়তো মেসেজে বলেছে আমার প্রতি তার গভীর আবেগের কথা, ভালোলাগার কথা, ভালোবাসার কথা! বেশ কিছুক্ষণ ধরে নানা কিছু ভেবে চললাম, তারপর বুকে ফুঁ দিয়ে মেসেজটা প্লে করলাম! আমাকে একরাশ হতাশার ডুবিয়ে বেজে উঠলো অ্যান্ড্রিও গোল্ডের গাওয়া ‘Thank You for Being a Friend’ গানটি! মেসেজটা আসার সময় আনন্দে যতটা বেগে হাওয়ায় ভেসে বেড়াচ্ছিলাম, মনে হলো ঠিক ততটা বেগে মাটিতে আছড়ে পড়লাম মেসেজটা শোনার সাথে সাথে! এই গানটাই এতদিন তন্ময় হয়ে শুনে এসেছি! অথচ একনিমিশেই এত সুন্দর এ গানটাকে মনে হলো বিশ্রী, বেসুরো, তিক্ততায় ভরপুর আর অসম্ভব যন্ত্রণাদায়ক!
রাজশাহী