জঙ্গিবাদ থেকে সমাজকে রক্ষা করতে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পৃক্তকরণের লক্ষ্যে চট্টগ্রামে ‘জঙ্গিবাদ বিরোধ আলেম ওলামা শিক্ষার্থী সমাবেশ’অনুষ্ঠিত হয়। শনিবার সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে চট্টগ্রাম আশেকানে আউলিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ও চট্টগ্রামের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, ‘যেহেতু জঙ্গিবাদের সঙ্গে ধর্মীয় অনুভূতি জড়িত, ফলে এর প্রতিরোধে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পৃক্ত করা প্রয়োজন। ইসলামের যে বিষয়গুলোর ভুল ব্যাখ্যার কারণে জঙ্গিবাদ সৃষ্টি হয়, সেগুলোর তাত্ত্বিক বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য বিজ্ঞ আলিমদের ব্যাখ্যা প্রয়োজন। মসজিদের ইমাম ও খতীবরাও জুমার বয়ানে সুন্দরভাবে এগুলো তুলে ধরতে পারেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা গবেষক ও ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি আল্লামা মুহাম্মদ খায়রুল বশর হাক্কানি (মা.জি.আ), বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) প্রিটন সরকার, সুচিন্তার যুগ্ন সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, ডা. হোসেন আহমেদ, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ এমরান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ