চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া চুড়ামনি সড়কে বরুমতি খালের উপর নির্মিত ব্রিজটি ক্রমে ক্রমে ভেঙে যাচ্ছে। ফলে যে কোনো মুহূর্তে পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখনও ভাঙা ব্রিজটি সংস্কারের কোনও উদ্যোগ নেয়া হয়নি।
জানা যায় চন্দনাইশ সদর হাসপাতালের সাথে সংযুক্ত হয়ে পশ্চিম দিকে জোয়ারা, পাঠানদন্ডী, কানাইমাদারী, বরকল হয়ে আনোয়ারা বরকল সড়কের সঙ্গে মিলিত হয়েছে। দীর্ঘ ৬-৭ কিলোমিটার চুড়ামণি সড়কটি অধিকাংশ স্থানে সংস্কার না করায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। ভেঙে যাচ্ছে সড়কের বিভিন্ন ব্রিজ কালভার্ট। এতে ওইসব এলাকার প্রায় কয়েক হাজার পরিবারের মানুষের চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আরও পড়ুন: দেশজুড়ে শিলা বৃষ্টি, রাজধানীতে দুর্ভোগ
অথচ উপজেলা সদর, হাসপাতাল, হাট-বাজারসহ চট্টগ্রাম শহরে যাতায়তের জন্য সহজতর এ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। চুড়ামণি সড়কটির বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হলেও বর্তমানে বরুমতি খালে সড়কটির ব্রিজ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়াও রাতের আধারে ভাঙা ব্রিজে পড়ে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে চন্দনাইশ উপজেলার এলজিইডি প্রকৌশলী বেলাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সড়কটি শিগগির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ইত্তেফাক/কেআই