পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন পুত্রের চিকিৎসার খোঁজ নিতে এসে লাশ হলেন পিতা। পাথর বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হলেন তিনি। নিহত ব্যক্তির নাম শামসুল হক (৬০)।
নির্মম এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে। নিহত শামসুল হকের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার নহলিয়াপাড়া এলাকায়। এ ঘটনায় হাসপাতালে নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামসুল হকের পুত্র পশিরুল ইসলাম রক্তশূন্যতা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। সকালে তিনি এসে পুত্রের রক্ত সংগ্রহ করে দিয়েছেন। পরে পানি উন্নয়ন বোর্ড মসজিদে নামাজ শেষে হাসপাতালে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় তেতুলিয়া থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের (চুয়াডাঙ্গা ট ১১-০৪৯১) চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটিকে আটক করে পুলিশ।
আরও পড়ুনঃ ময়মনসিংহে কপিরাইট আইনে একশ বিশ কোটি টাকার মামলা
পঞ্চগড় ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মুনীর আহমেদ ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু