গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ২১ জন ভারতীয় সাইক্লিস্ট। ‘বাংলা কখনো হয় না ভাগ ... বাংলা ভাষায় আমরা এক’ এই প্রতিপোদ্যে কলকাতার ‘হানড্রেড মাইলস’ নামে একটি পর্যটন সংগঠন ‘ভাষাসূত্র’ কর্মসূচীর ব্যানারে বাংলাদেশে এসেছেন।
রবিবার বিকেলে টুৃঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর তারা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করেন। এরপর তারা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন।
সাইক্লিস্টরা বঙ্গবন্ধু সমাধিসৌধের মিউজিয়াম, পাবলিক প্লাজা, ওপেন থিয়েটার, খোলা চত্বর, বকুলতলা চত্বর, ক্যাফেটোরিয়াসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
হানড্রেড মাইলস পর্যটনের ব্যবস্থাপক সুদীপ্ত পাল বলেন, ‘ভারতবর্ষ স্বাধীন করেছেন নেতাজী সুভাষ চন্দ্র বোস। বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুই দেশের স্থপতি দুই বীর বাঙ্গালী। ২০১৮ সালে নেতাজীর আজাদ হিন্দ বাহিনী গঠনের ৭৫ বছর পূর্ণ হয়েছে। আগামী বছর বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী হচ্ছে। তাই দুই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সপ্তম ভাষাসূত্রের ব্যনারে ১৪ ফেব্রুয়ারি কলকাতা নেতাজী ভবন থেকে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাইকেলে ২০ জনসহ আমি রওনা হই। ওই রাতে আমরা ভারতে সুন্দর গ্রামে রাত্রিযাপন করি। পরের দিন ঘোজাডাঙ্গা-ভোমড়া বর্ডার ক্রস করে সাতক্ষীরায় অবস্থান করি। ১৬ ফেব্রুয়ারি যশোরের সাগরদাড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ঘুরে রাতে খুলনা পৌঁছে রাত কাটাই। রবিবার সকালে খুলনা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেই। বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছাই। আমরা রাতে টুঙ্গিপাড়া থাকবো। সকালে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেবো। ১৯ ফেব্রুয়ারি রাতে আমরা ভাঙ্গায় অবস্থান করবো। ২০ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর পর আরো ১০ জন আমাদের সঙ্গে যোগ দেবে। আমরা ৩১ সদস্য এ দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। এর মধ্য দিয়েই আমাদের ‘ভাষাসূত্র’ কর্মসূচীর সমাপ্তি ঘটবে।’
তিনি বলেন, এর আগে তারা ৬ বার ‘ভাষাসূত্র’ কর্মসূচি করেছেন। ছয়বারই সাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে এসেছেন।
আরও পড়ুনঃ ১৭ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সাইকেল টিমের দলপতি সরজিৎ রায় বলেন, ‘ভাষায় এপার বাংলা ও ওপার বাংলা এক। দুই বাংলার মানুষের ভাষা, সংস্কৃতিতে হুবহু মিল রয়েছে। দুই অঞ্চলের মানুষের মধ্যে মমত্ববোধ রয়েছে। বাংলাদেশে এসে আমরা বারবার অভিভূত হই। তাই আমরা দুই দেশকে আলাদা দেখি না।’
ইত্তেফাক/নূহু