বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম সূত্রধর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে এগারটার দিকে নুরুল ইসলাম সরকার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম সূত্রধর বাসাইল উপজেলার সৈদামপুর পশ্চিমপাড়া গ্রামের সূশীল সূত্রধরের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল বাসস্ট্যান্ডে অবস্থিত সাদ্দামের বড় ভাই সুদেব সূত্রধরের মোবাইল সার্ভিসিং সেন্টারে বেলা সাড়ে এগারোটায় কম্পিউটারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছিল। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে সাদ্দামের হাতের স্পর্শ হয়। সঙ্গে সঙ্গে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মেঝেতে পড়ে যান। 

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের ২১ সাইক্লিস্টের শ্রদ্ধা

স্থানীয়রা তাকে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/নূহু