বছরের প্রথম দিনের বজ্রপাতে কমলগঞ্জ উপজেলার রাসটিলা গ্রামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে গ্যাস লাইনে আগুন ধরে শমশেরনগর বাজারে এক চিকিৎসকের বাসার মালামাল পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহওয়া ছিল। ঝড়ো বাতাস, ভারি বর্ষণ ও বজ্রপাতের ঘটনা ঘটে। বাড়ির সামনে জমিতে খেলার সময় আকষ্মিক বজ্রপাতে উপজেলার সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের রিফাত মিয়া (১০), সবুজ মিয়া (১৮), ওয়াকিল মিয়া (১৩) ও চকন মিয়া (১৪) আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রিফাত মিয়ার মৃত্যু হয়। নিহত রিফাত গ্রামের জসিম মিয়ার ছেলে।
আহত অন্য তিনজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বজ্রপাতের ঘটনায় এক শিশুর মৃত্যু ও তিন জন আহতের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে বজ্রপাতে গ্যাস পাইপ লাইনের রাইজার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেবুল হক এর বাসার কম্পিউটার, টিভি, কাপড় চোপড়, দরজা-জানালা পুড়ে ছাই হয়। কমলগঞ্জ দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় হয়েছে বলে শমশেরনগর ইসলামিক মিশনের স্টাফ খাইরুল আমীন জানান।
আরও পড়ুনঃ ইসলামপুরে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
কমলগঞ্জ দমকল বাহিনীর ফায়ারম্যান পরিমল সিংহ জানান, ‘বজ্রপাতে গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।’
ইত্তেফাক/নূহু