বাংলাদেশে পৌঁছালো মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও রাজপথ মন্ত্রণালয়ের সহযোগিতায় কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাবের আয়োজিত মোটর র্যালি। আজ রবিবার (১৭ ফেব্রুয়ারি) পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে র্যালিটি বাংলাদেশে পৌঁছায়। আগামী ১৯ ফেব্রুয়ারি র্যালিটি আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করবে।
বাংলাদেশে পৌছানোর পর ১৮ ফেব্রুয়ারি বিকাল ভারতীয় হাই কমিশনে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য। ১০টি গাড়িতে ৩৫ সদস্যের মোটর র্যালির নেতৃত্ব দিচ্ছেন ভারত সরকারের সড়ক পরিবহণ ও রাজপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী শম্ভু সিং।
এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে গান্ধীজি ও খাদির একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের গান্ধী আশ্রমসমূহ ও ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ, বাপু@১৫০ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: প্রাথমিকের অফিস সহকারীর ৫ কোটি টাকার বাড়ি
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মোটর র্যালিটি মোট ২২ দিনে তিনটি দেশে ৭ হাজার ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং ১০টি গাড়ি এই র্যালিতে যুক্ত হয়েছে। ৪ ফেব্রুয়ারি রাজঘাট থেকে শুরু হয়ে এটি সবরমতি, পোরবন্দর, সেবাগ্রাম, জবলপুর, ডান্ডি, ইয়েরবদা, লখনৌ, চৌরি-চৌরা, চম্পারণ, শান্তিনিকেতন ও কলকাতা হয়ে ২৪ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে শেষ হবে। র্যালির উদ্দেশ্য অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া। এছাড়াও এটি নিরাপদে গাড়ি চালনার বার্তা প্রচার করবে।
ইত্তেফাক/জেডএইচডি