আজ রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ের মাদক তল্লাশীর নামে স্বর্ণালংকার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামে।
এলাকাবাসী জানায়, সাদা মাইক্রোতে ৭/৮ জনের অজ্ঞাত ব্যক্তি ফেন্সিডিল আছে বলে উপজেলার সালুয়া গ্রামের বিশনার ছেলে মিলন ও ভূষন চন্দ্রের ছেলে উপেনের বাড়িতে তল্লাশি চালায়। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় মহিলারা তাদের পরিচয় জানতে চাইলে তারা ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। এ সময় তল্লাশির নামে তারা বাড়ির আসবাবপত্রসহ অন্য জিনিসপত্র তছনছ করে। এতে মহিলারা বাধা দিলে তাদের হ্যান্ডকাপ পরিয়ে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়।
মিলনের বাড়িতে থাকা বিবাহিত মেয়ের ১ ভরি ওজনের একটি স্বর্ণের হার ও নগদ বিশ হাজার টাকা এবং ওপেন এর বাড়ি থেকে নগদ দশ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায়।
পরে পুরুষ মানুষ বাড়িতে এলে বিষয়টি জানাজানি হলে তারা স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন। এ বিষয়ে ইউপি সদস্য ফারায়েজ মন্ডল বলেন, ‘আমি বিষয়টি শুনেছি এবং ওসিকে বলেছি।
আরও পড়ুনঃ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না ‘
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলার রহমানও ঘটনাটি জানেন না বলে এ প্রতিনিধিকে জানান।
ইত্তেফাক/নূহু