রবিবার থেকে সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রাথমিক ও ইবতেদায়ীতে ১ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
রবিবার প্রথম দিনে প্রাথমিক সমাপনীতে ৯ বিভাগে ১ লাখ ১৭ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৬৩ হাজার ৮৩২ জন ছাত্র এবং ৫৩ হাজার ৮৭১ জন ছাত্রী। শতকরা হিসাবে ৪ দশমিক ২৪ শতাংশ অনুপস্থিত ছিল।
এছাড়া ইবতেদায়ীতে অনুপস্থিত ছিল ৪২ হাজার ৪১৫ জন। শতকরা হিসাবে এর হার ১৩ দশমিক ২৮ শতাংশ। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছেলে ২৬ হাজার ৬ জন এবং ছাত্রী ১৬ হাজার ৪০৯ জন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে প্রাথমিক সমাপনীতে কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি। তবে ইবতেদায়ীতে চট্টগ্রামে একজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
রবিবার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত দিলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা একটি হতে পারে। এই পরীক্ষাগুলো মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকেই হয়।
মন্ত্রী বলেন, শিক্ষানীতি অনুযায়ী যখন প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন হবে, তখন ৫ম শ্রেণি শেষে এবং ৮ম শ্রেণি শেষে একটি, নাকি দুটি পরীক্ষা হবে-এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এবারের পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। বছরের শুরুতেই এই ঘোষণা দেওয়া হয়েছিল। এ ছাড়া বুঝে-শুনে, চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। যত ঝঞ্ঝাই হোক না কেন, আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে বলে মন্ত্রী জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে এবার প্রশ্ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নৈর্ব্যক্তিক প্রশ্ন তুলে দিয়ে রচনামূলক ও এক কথায় উত্তর যুক্ত করা হয়েছে। পাঠ্যপুস্তক পড়ে শিক্ষার্থীরা বুঝতে পারছে কি-না তা মূল্যায়ন করতে নতুন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
মন্ত্রী পরে রাজধানীর অগ্রনী স্কুল এ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষার্থীর মধ্যে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন প্রাথমিকের এবং ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন ইবতেদায়ি শিক্ষা সমাপনীর। এ বছর ৭ হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআই