মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়াম থেকেও রবিবার পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন সরিয়ে ফেলল পাকিস্তানের সব ছবি। ছবিগুলি ছিল করিডর, লং রুম ও স্টেডিয়ামের প্যাভেলিয়ন ব্লকের গ্যালারিতে।
পিসিএর পক্ষ থকে অজয় ত্যাগি বলেন, ‘১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় যে আক্রমণে আমাদের জওয়ানরা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আর পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পিসিএর কর্তারা জানায়, প্রায় ১৫টি ছবি স্টেডিয়াম থেকে সরানো হয়েছে। এই আক্রমণের জন্য ক্ষোভে ফুটছে গোটা দেশ। পিছিয়ে নেই ক্রীড়াবিদরাও। সকলেই বাড়িয়ে দিয়েছেন তাদের সাহায্যের হাত।
আরো পড়ুন: নিতাইগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, দুই কাউন্সিলরসহ গ্রেফতার ২২
যে ১৫টি ছবি সরানো হয়েছে তার মধ্যে ছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইমরান খান, যিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া জাভেদ মিয়াঁদাদ ও শহীদ আফ্রিদি।
এ ছাড়া ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি হয়েছিল এই মোহালি স্টেডিয়ামেই। সেই ছবিও সরিয়ে ফেলা হয়েছে স্টেডিয়াম থেকে।
২০১১ সালের ৩০ মার্চ বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে হাজির হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও।
ইত্তেফাক/বিএএফ