খাবারের পাশাপাশি চলবে লাইভ মিউজিক। আরও আছে সুইমিংপুল, বিলিয়ার্ড ও শিশুদের বিনোদন ব্যবস্থা। এক ছাদের নিচে এ সবই আছে বাজ হান্ড্রেড ফুড ওয়ার্ল্ড নামের ফুডকোর্টে। গত ১ ফেব্রুয়ারি যাত্রা করা নতুন এ ফুডকোর্টের অবস্থান ঢাকার নতুন বাজারের সাঁতারকুলের ১০০ ফিট রোডের পাশে। খোলামেলা পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে নগরীর ভোজনরসিকদের জন্য এ ফুডকোর্টের উদ্যোক্তা সৈয়দ আসাদুল হক শিবলী। প্রায় ৩০ হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে গড়ে ওঠা এ ফুডকোর্টে আছে ২৭টি রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলা, চাইনিজ, ইতালিয়ান, স্পেনিশ, কন্টিনেন্টালসহ নানা দেশের বৈচিত্র্যময় স্বাদের খাবার। প্রতিটি রেস্টুরেন্টের নামও সুন্দর। এর মধ্যে কিছু চেইন রেস্টুরেন্টও আছে। যেমন—আমার টং, সুগার ফ্রস্ট, ফুডবুক, দেশিহাট, জুস ওয়ার্ল্ড ইত্যাদি। সপ্তাহের ৭ দিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এ ফুডকোর্ট। এ ফুডকোর্টে কেউ ১ হাজার ৫০০ টাকার খাবার খেলে পাবেন গেমের অফার। এ গেমে জিতে বিজয়ীরা শতভাগ পর্যন্ত বিনামূল্যে খাবার খেতে পারবেন। পাশাপাশি উত্সব-পার্বণগুলোয় থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা ও নানা আয়োজন। সব মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে নিরিবিলি খোলামেলা পরিবেশে খাবার ও বিনোদন উপভোগের অনন্য স্থান এ ফুডকোর্ট।
উদ্যোক্তা সৈয়দ আসাদুল হক শিবলী বলেন, ‘৩০০ ফিটের রেস্টুরেন্টগুলোতে কেবল খাবারের ব্যবস্থা ছিল। তাই আমরা খাবারের পাশাপাশি মানুষকে বিনোদনের ব্যবস্থা দিতেই এক ছাদের নিচে এ আয়োজন করেছি। বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালের পিছনে, রামপুরার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পাশে ও উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পাশে আমাদের আরও তিনটি বাজ খুব শিগগিরই চালু হবে। আমরা চাই নগরবাসী মজার সব খাবারের পাশাপাশি বিনোদনও উপভোগ করুক।