ঢাকার শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটে সপ্তমবারের মতো আয়োজিত বাংলাদেশ টি-শার্ট উত্সব-২০১৯-এর (টি-শার্ট ও দেশীয় পোশাকের মেলা) উদ্বোধন করেছেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ আয়োজনের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম.এ. হামিদ খান, বাংলা ক্রাফটের সভাপতি আশরাফুর রহমান ফারুক, ফ্যাশন উদ্যোগের সভাপতি শাহীন আহমেদ।
২৬০টি দেশীয় পোশাকের প্রতিষ্ঠান কর্তৃক সম্মিলিতভাবে আয়োজিত এই উত্সব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত—প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানমালায় প্রতিদিন থাকবে আলোচনা, ফ্যাশন শো, আবৃত্তি, ব্যান্ডশো, লোক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ২০% ছাড়ে পোশাক বিক্রয় হচ্ছে এবং অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন, শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট এম.এ. হামিদ খান, আশরাফুর রহমান ফারুক, শাহীন আহমেদ প্রমুখ। আলোচনা শেষে জমকালো ফ্যাশন শো, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এ দিন দর্শনার্থীদের ভিড়ও ছিল দেখার মতো।