জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কৃত্রিম পা সংযোজনের খবর ভিত্তিহীন

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করার খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ধরণের বিভ্রান্তিকর খবর থেকে জনগণকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ধরণের খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান একটি স্বনামধন্য জাতীয় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান থেকে এ ধরণের কোনো খবর প্রকাশিত হয়নি এবং এর সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। জনগণকে এ ধরণের বিভ্রান্তিকর খবর থেকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হলো।