ঋতু পরিবর্তনের কারণে শ্বাসকষ্ট, সর্দি-জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, পেটের পিড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন । স্থানীয় হাসপাতালগুলো থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে বর্তমানে প্রায় ৪০ থেকে ৫০ জন শিশু চিকিৎসা নিচ্ছে হাসপাতালগুলোর শিশু বিভাগে। এ অবস্থায় শিশুদের যত্ন নিতে অভিভাবকদের আরও বেশী মনযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল , নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকরি হাসপাতাল আভিসিনা, মেডিনোভা, কমিউনিটি হাসপাতাল, মইন উদ্দিন হাসপাতাল, শাখাওয়াত এইচ মেমোরিয়ালসহ বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা যায় যে, প্রতিদিনই এ সব হাসপাতালে উল্লেখিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগী ভর্তির হার বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিদিন নতুন রোগীর চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ফয়সাল আহমেদ ও শামিমুল ইসলাম বলেন, ঋতু পরিবর্তনের কারণে শ্বাসকষ্ট , সর্দি জ্বর, নিউমোনিয়া , ডায়রিয়া, পেটের পিড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বৃদ্ধরা । আগের থেকে ৩ গুন বেশি রোগী ভর্তি হচ্ছে। তবে এসব শিশুদের প্রতি অভিভাবকদের সজাগ থাকতে হবে। ঠাণ্ডায় ছোট বাচ্চাদের গরম কাপড় পরিধান করাতে হবে। নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।
অসুস্থ হওয়া রোগীদের ভয়ের কারণ নেই জানিয়ে অত্র হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমনা লায়লা বলেন, ঋতু পরিবর্তনের কারণে এই রোগগুলোয় বেশিরভাগ আক্রান্ত হয় বৃদ্ধ ও শিশুরা । ছোট্ট এই শিশুদের মায়ের বুকের দুধ, তরল জাতীয় খাবার দিতে হবে। যে সব বাচ্চা খেতে পারে তাদের কে ভিটামিন যুক্ত খাবার দিতে হবে। এসি থেকে দুরে রাখতে হবে। এছাড়াও নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য তিনি বলেন।