আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ বুধবার (১৩ অক্টোবর) এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসসি)।
নির্দেশনায় বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষার কেন্দ্রে কোনো প্রার্থীর কাছে বর্ণিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতের জন্য কর্ম কমিশন সকল নিয়োগ পরীক্ষায় প্রার্থীকে অযোগ্য ঘোষণা করবে।
এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ৪৩তম বিসিএসে নিয়োগ পাবে অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন।