মূল্য সূচকের বড় দরপতনের মধ্য দিয়ে শেষ হলো টানা ৭ কর্মদিবসের দরপতন। মঙ্গলবার (১৯ অক্টোবর) ডিএসই প্রধান মূল্য সূচক ৭৬ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এ দিয়ে টানা ৭ কর্মদিবস বড় দরপতনে পুঁজিবাজার। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
পুঁজিবাজারের এমন পরিস্থিতি দেখে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছেন। যদিও বর্তমান অবস্থান থেকে বের হতে হলে সবাইকে বড় ধরনের লোকসান গুনতে হবে।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৮৯ কোটি ১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকার।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, দর কমেছে ২৫৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৮৬ পয়েন্ট কমে ২০ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।