নব প্রতিষ্ঠিত সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় নতুন নামকরণের এ প্রস্তাব অনুমোদন করা হয়।
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতেই বর্তমান সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সিলেট’নামকরণের প্রস্তাব করেন উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার বিষয়সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, আর. টি. এম. ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল-কবির, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরিচালক (অর্থ) নইমুল হক চৌধুরী।