কুমিল্লায় পূজাকাণ্ডে সহিংসতার সময় ইটের আঘাতে নিহত দিলীপ কুমার দাস (৫৮) হত্যা মামলায় সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড় এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম।
গ্রেফতার সাইফুল ইসলাম জেলার দেবিদ্বার উপজেলার এগারো গ্রামের ইব্রাহিম ব্যাপারীর ছেলে।
ওসি) আনওয়ারুল আজিম জানান, গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ের একটি অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে ধর্ম অবমাননার ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন নগরীর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। এসব ঘটনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এদিন নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাজগঞ্জ যাওয়ার সময় মনোহরপুর এলাকার রাজরাজেশ্বরী কালিবাড়ি মন্দিরে মিছিল থেকে ইট নিক্ষেপ করা হয়। এসময় ইটের আঘাতে মাথায় জখম হয়ে গুরুতর আহত হন নগরীর পানপট্টি এলাকার বিষু লাল দাসের ছেলে দিলীপ দাস। এসময় মন্দিরে থাকা লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ অক্টোবর রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রুপা রানী দাস বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ২৪ অক্টোবর থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে এ মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।