কুমিল্লায় ১৬ হাজার পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ২

কুমিল্লায় প্রাইভেট কারের স্পেয়ার টায়ারের ভেতরে করে অভিনব কায়দায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কাশিমপুর এলাকায় র‌্যাব এ অভিযান পরিচালনা করে। সোমবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইলপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে হোসেন আহম্মেদ (২৮) ও একই উপজেলার জাদিমুড়া গ্রামের নুর আহম্মদের ছেলে নজু মোল্লা (২৫)। 

জব্দকৃত ১৬ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা

মেজর সাকিব জানান, অভিনব কায়দায় প্রাইভেট কারের অতিরিক্ত টায়ারের ভেতরে করে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় হোসেন আহম্মেদ ও নজু মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যমতে টায়ারের ভেতর থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবা এবং মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।