মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুনা আক্তার (৩৮) নামে এক যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। নিহত নারীর বাড়ি লৌহজং থানা এলাকায়। এসময় ক্ষতিগ্রস্ত হয় ১০টি ছোট বড় যানবাহন।
সোমবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মুক্তারপুর সিএনজি স্ট্যান্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তারপুর সেতু থেকে মুক্তারপুর স্ট্যান্ডে নেমে আসার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তারপুর সিএনজি স্ট্যান্ডে এসে ধাক্কা দিলে ট্রাক চাপায় ১ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় ১৫ জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে রয়েছে আসাদুজ্জামান সুমন (৩৬), সুমন (৩৫),খোকন (৪৫) দুলাল (৫৫), মিম (২২), শামীম(২৮) অথরা(৬)। গুরুতর অবস্থায় ট্রাক চালককে ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, একজন নারীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। অন্যান্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যানজট নিরসনে রেকারের মাধ্যমে ট্রাক ও ক্ষতিগ্রস্ত যানবাহন গুলো সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।