যুবকরাই সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। সোমবার (১ নভেম্বর) রাজধানীর পরীবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যুব বাঙালির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'যুব সমাজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় যুব দিবসের এই আলোচনায় আসাদুজ্জামান বলেন, যুবকরাই ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলো। স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিলো। বর্তমান সমাজে যুবকরা এখন আত্মত্যাগের চর্চা করে না।
তিনি বলেন, এই দেশের উন্নয়নে, দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়নে যুবকদের দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে যেন গড়ে তুলতে পারি।
ইয়ং বেঙ্গল থেকে শুরু করে বুদ্ধির মুক্তি আন্দোলনের ইতিহাস তুলে ধরে এই কাউন্সিলর বলেন, বর্তমানে যুব সমাজ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। যুব সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে। যুব সমাজ যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য অদম্য স্পৃহা নিয়ে এগিয়ে যাবে।
যুব বাঙালির যুগ্ম আহ্বায়ক রায়হান তানভীরের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব তানসেন।
আলোচনায় আরো অংশ নেন যুগ্ম আহ্বায়ক কাজী আবু কাওছার, দপ্তর সম্পাদক হাসান আসিফ, ইউসুফ সরকার রুজেল, শাজনুশ টিটন প্রমুখ।
ইত্তেফাক /কেএইচ