৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। টিকার বাইরে থাকা লাখ লাখ শিশু-কিশোরকে এ কর্মসূচির আওতায় আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কয়েক দিন আগে এ টিকার ব্যবহারের সুপারিশ করে। যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকা অনুমোদনের ফলে ২ কোটি ৮০ লাখ শিশু ভ্যাকসিনের আওতায় আসবে।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাস চলমান থাকায় স্কুল-কলেজ বন্ধে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন। ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া সম্ভব হলে সেই উদ্বেগ দূর হবে বলে আশা করা যায়।
এমন সিদ্ধান্তের অনেক আগে থেকেই সরকার ৫-১১ বছর বয়সের শিশুদের টিকা দেয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ করে রেখেছিল এবং সেগুলো এখন দেশব্যাপী বিতরণ করা হচ্ছে।