বার্লিন বিমানবন্দরের পানি দূষিত, ব্যবহার না করতে সতর্কতা জারি

প্রায় তিন দশক লেগেছে জার্মানির বার্লিন ব্রান্ডেনবুর্গ (সংক্ষেপে বিইআর) বিমানবন্দরটি তৈরি করতে। এতে নির্মাণব্যয় বেড়ে হয়েছে তিনগুণ। বার্লিনের সেই বিইআর বিমানবন্দর চালুর এক বছর না হতেই আবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিমানবন্দরের পানি। কারণ বিমানবন্দরের পানিতে পাওয়া গেছে কলিফর্ম ব্যাকটেরিয়া। জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা গেছে, বার্লিন ব্রান্ডেনবুর্গ (সংক্ষেপে বিইআর) বিমানবন্দর উদ্বোধনের কথা ছিল ২০১২ সালের জানুয়ারিতে। ‘টেকনিক্যাল' সমস্যার কারণে এক বছর এক বছর করে পিছাতে পিছাতে অবশেষে উদ্বোধন হয় ২০২০ সালের অক্টোবরে। রানওয়ে থেকে বিমান উড়তে শুরু করার পরও নেতিবাচক খবর থামেনি। জার্মানির গণমাধ্যমে কখনো এসেছে ডাস্টবিন উপচে পড়া আবর্জনায় টার্মিনালের একাংশ সয়লাব হয়ে যাওয়ার ছবি, কখনো দেখা গেছে টাইলস ভেঙে চৌচির হয়ে যাওয়া ফ্লোর, আবার কখনো কখনো খবরে উঠে এসেছে ময়লা, দুর্গন্ধময় শৌচাগার বা ত্রুটিপূর্ণ এসকেলেটর নিয়ে যাত্রীদের চরম ক্ষোভ, হতাশার কথা।

তবে এবারের খবরটা আরো বেশি আতঙ্কজনক।

সম্প্রতি বিইআর বিমানবন্দরের পানি পরীক্ষা করে জানা গেছে, পুরো বিমানবন্দরের পানিতেই রয়েছে কলিফর্ম ব্যাকটেরিয়া। তাই আপাতত সবাইকে বিমানবন্দরের পানি ব্যবহারে খুব সতর্ক থাকতে বলা হয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত টার্মিনাল ১ এবং বিশেষ সরকারি টার্মিনালের শৌচাগারের পানি একেবারেই ব্যবহার করা যাবে না।