গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা মারুফা বেগম (৩০) মাগুড়া কেশবপুর গ্রামের মিজানের স্ত্রী এবং ছেলে মাহিনের বয়স চার বছর। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়কে পৌর শহরের মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে শহরের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পৌর শহরের মহাসড়ক অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতেই পৌর শহরের রাজমতি মোড় মহাসড়ক অংশে পারাপারের সময় রংপুর থেকে গরু নিয়ে ঢাকাগামী ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা ও শিশু সন্তানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আহত ভেবে তাদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুরের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।