পানির দাম বাড়ছে চট্টগ্রামে

পানির দাম ৫ শতাংশ বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ওয়াসার ৬৪তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় যা ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী আবাসিক গ্রাহকদের কাছ থেকে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির জন্য ১৩ টাকা ২ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের কাছ থেকে ৩১ টাকা ৮২ পয়সা নেওয়া হবে।

এর আগে ২০১৯ সালে ৯ আগস্ট পানির দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। তবে মন্ত্রণালয়ের সম্মতি না থাকায় গত বছরের ১ মার্চ দ্বিতীয় দফা পানির দাম পুনঃ-নির্ধারণ করা হয়। সে অনুযায়ী আবাসিকে পানির দাম ছিল ১২ টাকা ৪০ পয়সা এবং বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সা। 

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬ এর ২২ (২) ধারা অনুযায়ী প্রতি ইউনিট পানির দাম ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়েছে।