শ্রীপুরে পিকআপ ভ্যানের চাপায় নিহত ৩  

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)। তারা শ্রীপুর পৌরসভার সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে করে মালামাল বিক্রি করত।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবিহ, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো। রাতে তারা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ ভ্যান তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম হাবিব ঘটনাস্থলেই মারা যান। আহত তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত তিনজনের স্বজনরা থানায় এসেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।