চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম থেকে লোহাগাড়ার চুনতি পর্যন্ত ৪৫টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এর মধ্যে শুধু লোহাগাড়ায় রয়েছে ১৪টি বাঁক। আর সড়কের দুপাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে অটোরিকশা, প্রাইভেটকার, বাস, ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে প্রতিনিয়ত যানজট সৃষ্টিসহ ঘটছে দুর্ঘটনা।
শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পটিয়ার শান্তির হাট, মুন্সেফ বাজার, থানা মোড, ডাকবাংলা, বাসস্ট্যান্ড, দোহাজারী বাজার, সাতকানিয়ার কেরানীহাট ও লোহাগাড়ার বটতলীতে প্রায়ই যানজট লেগে থাকে। চট্টগ্রামের শাহ্ আমানত সেতুর দক্ষিণ পাশ থেকে লোহাগাড়া উপজেলার চুনতি পর্যন্ত ৭০ কিলোমিটার দূরত্বের ২০টি পয়েন্টে সড়কের দুপাশে যত্রতত্র বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। আরও ৯টি পয়েন্টে নিয়মিত বাজার বসে। ফলে সড়কটিতে যানজট সৃষ্টিসহ প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সড়কটির পটিয়া মইজ্জার টেক, পটিয়া-আনোয়ারা ক্রসিং টেক, মনসার টেক, বাদামতল টেক, পটিয়া পোস্ট অফিস টেক, গৈরালার টেক, আঞ্জুরহাট টেক, আদালত গেট মোড়, থানা মোড়, ডাকবাংলা মোড়সহ ২০টি পয়েন্টে এবং চন্দনাইশ থেকে লোহাগাড়ার চুনতি পর্যন্ত ২০টির অধিক স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে।
গাড়িচালকরা জানান, এ মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাকের কারণে গাড়ি চালাতে হয় সমস্যা হয়। তাছাড়া সড়কের উপর বাজার বসে। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে লোহাগাড়ার চুনতি পর্যন্ত ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে দেড় ঘণ্টার জায়গায় ২ ঘণ্টার বেশি সময় লেগে যায়।
‘নিরাপদ সড়ক চাই’ লোহাগাড়া শাখার আহ্বায়ক মুজাহিদ হোসাইন সাগর জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এতোবেশি আঁকা-বাঁকা যে, চালকদের অত্যন্ত ঝুঁকির মধ্যে গাড়ি চালাতে হয়। এ মহাসড়কের দুপাশে যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট ও দুর্ঘটনা ঘটছে।
দোহাহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, দোহাজারী হাইওয়ে এলাকার সাতকানিয়া-লোহাগাড়া অংশে ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। বেপরোয়া গতি ও গাড়িচালকের চোখে ঘুম দুর্ঘটনার অন্যতম কারণ।
দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাঁকগুলো সরলীকরণসহ ৬ লেনে উন্নীত করার কাজ চলছে। বুয়েট কাজটি করছে। ডিসেম্বরে বুয়েট থেকে রিপোর্ট পাওয়ার পর কাজ শুরু করা হবে।