২৪ ঘণ্টায়  আরও ১০৩ জন ডেঙ্গু আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৮৯ জন ও ঢাকার বাইরে ১৪ জন ভর্তি হয়েছেন।  

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৪৫ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৬০ জন রোগী ভর্তি রয়েছেন।  

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর (আজ) পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৮০ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৫৮০ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগে মারা গেছেন ৯৫ জন।