মির্জাপুরে ইলু হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর

সাত মাসেও গ্রেফতার হয়নি মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে খুন হওয়া টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা খন্দকার রেদোয়ানা ইসলাম ইলু হত্যা মামলায় অভিযুক্ত তার স্বামী। অভিযোগ রয়েছে হাসপাতালের ভিতরেই স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী মো. দেলোয়ার রহমান মিজান। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শাজাহান মিয়া জানিয়েছেন, মিজান আত্মগোপনে থাকায় চাঞ্চল্যকর মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআইতে) হস্তান্তর করা হয়েছে।

হত্যা মামলায় অভিযুক্ত দেলোয়ার রহমান মিজান পাবনা জেলার সদর উপজেলার চরভাঙ্গারিয়া গ্রামের মো. এলাহী মোল্লার ছেলে।  অপর দিকে নিহত ইলুর পিতার নাম মৃত খন্দকার রফিকুল ইসলাম। তার গ্রামরে বাড়ি রংপুর জেলার সদর থানার ইসলামপুর হনুমানতলা গ্রামে। 

শুক্রবার মামলার বাদী ও খুন হওয়া কালচারাল কর্মকর্তা ইলুর ভাই খন্দকার আরশাদুল আবিদ অভিযোগ করে বলেন, ইলুকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। ঘটনার পর মামলা হলেও পুলিশ মুল মিজানকে গত সাত মাসেও গ্রেফতার করতে পারেনি। তিনি মিজানকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাজাহান মিয়া বলেন, মামলার মুল অপরাধীকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্বাত্মক চেষ্টা ছিল। ঘাতক আত্মগোপনে থাকায় গুরুত্বপূর্ণ এই মামলার অধিক তদন্তের স্বার্থে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইতে) স্থানান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে পিবিআই টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সিরাজুল আমীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার কাগজপত্র এখনো আমাদের কাছে আসেনি। মামলার কাগজপত্র হাতে পেলে পর্যালোচনা করে ঘাতককে গ্রেফতারসহ এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।