নোয়াখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপি সমর্থক চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম কামালকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কানকিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী।

গ্রেফতার জহিরুল ইসলামের বাড়ি ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, গ্রেফতার জহিরুল ইসলামের বিরুদ্ধে সেনবাগ থানায় ২০১৯ সালের একটি একটি চাঁদাবাজির মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে।