বিহারে ‘ভেজাল মদ’ পানে ২৪ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে ‘ভেজাল মদ’ পানে দুই দিনে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে দেশটির পুলিশ। একটি মামলাও করা হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

বিহার রাজ্যের ওয়েস্ট চাম্পারান ও গোপালগঞ্জ জেলায় এসব ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওয়েস্ট চাম্পারান জেলার তেলহুয়া গ্রামের বেতিয়ায় স্থানীয়ভাবে তৈরি মদ হুচ পানে মৃত্যু হয় আটজনের। অপরদিকে, ১৬ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জে। যদিও জেলা কর্তৃপক্ষ গোপালগঞ্জে আটজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। উভয় জেলা কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। গত ১০ দিনের মধ্যে বিহারের তেলহুয়ায় হুচ পানে মৃত্যুর এটি তৃতীয় ঘটনা। 

রাজ্য মন্ত্রী জনক রাম এতো মানুষের মৃত্যুর খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে গোপালগঞ্জে ছুটে যান। তিনি বলেন, যারা মারা গেছে, তাদের বাড়িতে গেছেন তিনি। তবে এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগও করেছেন তিনি। 

গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার বলেন, গত দুই দিনে জেলার মুহাম্মাদপুর গ্রামে রহস্যজনক কারণে কিছু লোকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় তাদের মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। পুলিশের তিনটি দল ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি। 

চলতি বছর জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আরও ৭০ জনের ‘ভেজাল মদ’ পানে মৃত্যুর ঘটনা ঘটে ভারতে। অথচ ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বিহারে মদ উৎপাদন, বিক্রি ও পানে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার।