মিরসরাইয়ে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল এলাকায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৪জন আহত হয়েছে। শুক্রবার ( ৫ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন।

নিহতরা হলো সিএনজি চালক জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকার শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও যাত্রী ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার গজারিয়া গ্রামের আবু তৈয়বের ছেলে মো. হানিফ (২৭)। শাহাদাৎ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মো. হানিফকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এসময় আহত হয়েছেন ভুজপুর থানার গজারিয়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহ আলম (৩৬)। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সিএনজির পেছনে থাকা আরও ৩ যাত্রী এসময় আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে চলে যাওয়ায় তাদের নাম পাওয়া যায়নি।

ওসি নুর হোসেন মামুন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের সাইবেনিখিল এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর ফ্যাক্টরির সামনে একটি গাড়িকে অভারটেক করার সময় একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় শাহাদাৎ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হানিফকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাইভেটকারটি করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার আফছার চৌধুরীর। প্রাইভেটকারটি তার ড্রাইভার নুরুল আলম চালাচ্ছিল বলে শোনা গেছে। দুর্ঘটনার সময় আফছার চৌধুরী গাড়ীতে ছিলেন। এসময় প্রাইভেটকারের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।  দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।