ম্যারাডোনার দেশের ক্রুসিয়ানি আবার ঢাকায়

প্রয়াত ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার দেশের মানুষ আন্দ্রেস ক্রুসিয়ানি আবারও কোচ হয়ে বাংলাদেশে এসেছেন। এবার তিনি সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ হয়ে এলেন। শনিবার (৬ নভেম্বর) ভোরে ঢাকায় এসে দুপুরে সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন ক্রুসিয়ানি। সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে তার।

৫৫ বছর বয়সী এই কোচের পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ দুই-তিন বছরও বেড়ে যেতে পারে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী। ক্রুসিয়ানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন কথাই জানান তিনি। প্রিমিয়ার লিগের গত মৌসুমে সাইফ স্পোর্টিং চতুর্থ হয়েছে। এবার চার হতে উপরে উঠতে চায় ক্লাবটি।

ক্রুসিয়ানি বললেন, বাংলাদেশে আসতে পেরে তিনি খুশি। বাংলাদেশের সঙ্গে ক্রুসিয়ানির সম্পর্ক বেশ পুরনো। সেই ২০০৫ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেবার দলকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তুলেছিলেন। পাকিস্তানের করাচিতে অনুষ্ঠেয় সেই সাফে অবশ্য শিরোপা ছোঁয়া হয়নি। ফাইনালে ভারতের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয় ক্রুসিয়ানির দলকে। পরের বছর এএফসি চ্যালেঞ্জ কাপে জাতীয় দলের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় তাকে চলে যেতে হয়েছিল। এরপর ২০০৭ সালে আবাহনীর কোচ হয়ে ঢাকায় এসেছিলেন। এক মৌসুম ছিলেন।

দীর্ঘ ১৪ বছর পর সাইফ এসসির আমন্ত্রণে আবারও বাংলাদেশে ফিরে এসেছেন ক্রুসিয়ানি। সাইফকে বেছে নেয়ার কারণ হিসেবে জানিয়েছেন, দলটির শক্তিশালী ম্যানেজমেন্ট এবং দলে মেধাবী খেলোয়াড়ের আধিক্য। বিশেষ করে সাইফে জাতীয় দলের অনেক খেলোয়াড় রয়েছে।

আসন্ন মৌসুমে শিরোপায় চোখ রাখছেন ক্রুসিয়ানি। তবে জোর দিয়ে বলেননি যে শিরোপা জিতবেনই। তিনি বলেছেন, ‘সাফল্য পাওয়া এত সহজ নয়। শিরোপা জেতা অনেক বড় চ্যালেঞ্জিং কাজ। সব কোচই দারুণ দারুণ সব কথা বলেন। তবে আমি কথার কথা বলতে চাই না। কাজে প্রমাণ দেখাতে চাই। আমি যতটুকু দেখেছি সাইফ দলটি ভালো। দলে ভালোমানের খেলোয়াড় আছে। চেষ্টা করবো ভালো কিছু করার।’

পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘এই বছর আমরা দেশি-বিদেশি মিলে সবচেয়ে সেরা দল গঠন করেছি।’ কোচ নিয়োগের পাশাপাশি ফিটনেস ট্রেনারও নিয়োগ দিয়েছে ক্লাবটি। সাইফের নতুন ফিটনেস ট্রেনার ইজিক্যুয়েল রোজার্স।

ইত্তেফাক/টিএ