‘আমাদের কামার আহমাদ সাইমনের ছবি দিয়ে এদেশিয় চলচ্চিত্র অনেক দূরের স্বপ্ন ছোঁবে।’- প্রায়ই একাধিক ইন্টারভিউতে কথাগুলো বলেন দেশের আরেক গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অগ্রজ নির্মাতার বলা কথাগুলো যেন এক এক করে বাসত্মবে পরিণত করছেন নির্মাতা কামার আহমাদ সাইমন।
কামারের নির্মাণে ‘শুনতে কি পাও’ ছবিটির মাধ্যমেই জাত চিনিয়েছিলেন নির্মাতা সাইমন। বিশ্বের ‘টপ টেন ফেস্টিভাল লিস্ট’র অন্যতম এবং বৃহত্তম প্রামাণ্য চলচ্চিত্র উত্সব আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন...’ (ইংরেজি টাইটেল ‘ডে আফটার...’)।
আমস্টারডামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইডফার উত্সব পরিচালক অরওয়া নাইরাবিয়া। নন-ফিকশন ছবির জগতের সেরা চলচ্চিত্রগুলা উপস্থাপন করার জন্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে দুনিয়াজোড়া খ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ইডফা। তিন শতাধিক শক্তিশালী ও কাব্যিক ছবি দেখানো হয় ১২ দিনের এই উত্সবে, যেখানে টিকেট কেটে ছবি দেখতে আসেন আড়াই লক্ষাধিক দর্শক। সেই ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ২০ নভেম্বর শনিবার প্রাইম টাইম স্ক্রিনিংয়ে রাত ৯টায় বিশ্ব অভিষেক হবে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’।
আর এই অভিষেক হবে পৃথিবীর সুন্দরতম ৫০টি সিনেমা হলের লিস্টে ১ নম্বর আমস্টারডামের তুসানস্কি থিয়েটারে। এই আয়োজনে সশরীরে উপস্থিত থাকার জন্য ইডফার আয়োজকরা ১৯ তারিখেই আথিতেয়তা গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীনকে। এই বছরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরষ্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি ছবি। যার মধ্যে কামারের হাইব্রিড ছবি ‘অন্যদিন...’। ২৫ নভেম্বরের একটি আড়ম্বরপ–র্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে। প্রতি বছর নভেম্বরের ১৭ থেকে ২৮ তারিখ বিশ্বের অন্যতম চলচ্চিত্র উত্সব ইডফার জন্য সেজে উঠে গোটা আমস্টারডাম শহর।
ইডফার ওয়েবসাইটে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ‘অন্যদিন...’ ছবিটাকে বর্ণনা করতে গিয়ে লেখা হয়েছে ‘ক্যালাইডোস্কোপিক ও গভীর প্রজ্ঞাসম্পন্ন’। উত্সবের আর্টিস্টিক ডিরেক্টর সিরিয় বংশোদ্ভুত চলচ্চিত্র নির্মাতা অরওয়া নাইরাবিয়া কামারকে এক ব্যাক্তিগত চিঠিতে লিখেছেন, ‘তাবৎ দুনিয়া থেকে পাঠানো হাজার হাজার ছবি দেখার পর, বাছাই কমিটি আপনার ‘অন্যদিন...’ ছবিটাকে ইডফার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের আমন্ত্রণ জানাতে চায়। দুনিয়ার নানান প্রান্ত ঘুরে আসা ছবি থেকে বাছাই করাটা আমাদের জন্যও একটা অভিজ্ঞতা ছিল, যার মধ্যে ‘অন্যদিন...’ সেই অল্প কয়েকটা ছবির মধ্যে একটা যেটা নিয়ে বাছাই কমিটির কারও কোন দ্বিধা ছিল না। আমি ব্যক্তিগতভাবেও আপনাকে অভিনন্দন জানাতে চাই এত সুন্দর একটা ছবি বানানোর জন্য।’
কামার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘অন্যদিন একটা হাইব্রিড ছবি। এর ১০০ ভাগ ফিকশন এবং নন-ফিকশন। শুনতে কি পাও! শেষ করে ২০১৩-তেই শুরম্ন করেছিলাম ‘অন্যদিন...’এর কাজ। শ্যুটিং শেষ করে ২০১৭ সালে ছবিটা সম্পাদনার টেবিলে রেখে চলে গিয়েছিলাম ‘শিকলবাহা’র শ্যুটিংয়ে। এইবার কোভিডের সুযোগে ছবিটায় আবার হাত দিয়েছিলাম, জুলাইতে সম্পাদনা শেষ করেই জমা দিয়েছিলাম ইডফায়। যদিও আমাদের এখানে ইডফার নাম লোকে একটু কম জানে। কিন্তু প্রথম জমাতেই বৃহত্তম একটা ফেস্টিভালে আমন্ত্রণ পেলাম, টপ টেন লিস্টেড ফেস্টিভ্যালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছবি নির্বাচিত হলো, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ থিয়েটারে বিশ্ব অভিষেকের দাওয়াত পেলাম - একটা ছবির জন্য আর কি চাই! আমার মনে হয় নিজেদের ভাষা আর ভঙ্গি নিয়ে বাংলাদেশসহ গোটা এশিয়ায় আমরা যারা ছবি বানানোর চেষ্টা করছি তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সময়।’
‘অন্যদিন...’এর লেখক, চিত্রগ্রাহক ও পরিচালক কামার আহমাদ সাইমন।