মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের হার

শনিবার (৬ নভেম্বর) ওল্ড ট্র্যাফোর্ড মৌসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। কিন্তু রেড ডেভিল সমর্থকদের হতাশ করে বেশ দাপটের সঙ্গে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে ম্যানসিটি। ইউনাইটেডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওয়ালার শীষ্যরা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ম্যাচের মধ্যে অন্যতম ম্যানচেস্টার ডার্বি। একটা সময় ইউনাইটেডের দাপট দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তাদের সেই পারফরম্যান্স ঠিক খুঁজে পাওয়া যায় না। তবুও এবার দলটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো থাকায় সমর্থকরা বেশ আশা নিয়ে খেলা দেখতে বসেছিলেন। কিন্তু সবাইকে হতাশ করলো ম্যানইউ। তাদের মাঠ থেকে জয় নিয়ে গেলো নগর প্রতিদ্বন্দ্বিরা।

গোল করতে ব্যর্থ হয়েছেন রোনালদো

ম্যাচের ৭ মিনিটের সময় এরিক বেইলির গোলে এগিয়ে যায় সিটি। আর প্রথমার্ধের ঠিক শেষ মিনিটে স্কোর দ্বিগুণ করেন বার্নাডো সিলভা। দ্বিতীয়ার্ধে আর কেউ গোল করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেলো ম্যানচেস্টার সিটি।

এদিন, শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলেন সিটির খেলোয়াড়রা। পুরো ম্যাচের ৬৮ শতাংশ সময় বল তাদের দখলেই ছিল। এর মধ্যে ১৬টি শট করেছে এবং টার্গেট বরাবর ছিল ৫টি। যার মধ্যে দুইটি গোল হয়েছে। এছাড়া তারা কর্ণার পেয়েছে মোট ৯টি।

অন্যদিকে, মাত্র পাঁচটি শট নিতে পেরেছে ইউনাইটেডের খেলোয়াড়রা। যার মধ্যে একটি শট ছিল টার্গেট বরাবর। কর্ণারও পেয়েছে মাত্র একটি। এই পরিসংখ্যানেই স্পষ্ট হয় যে, দলটির খেলোয়াড়রা কতটা অসহায় ছিলেন।

ইত্তেফাক/টিএ