র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত

কমলগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা মাইজদিহি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এই তথ্য জানান।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বলেন, ‘আমরা খবর পেয়েছি, মিরতিংগা চা বাগান ও কমলগঞ্জের মরিতিংগা চা বাগানের সীমানার পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে আজ ভোর রাতে মাইজদিহি চা বাগানের পাহাড়ি এলাকায় টহলকালে র‌্যাবের গাড়ি লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবের ৩ জন সদস্য আহত হয়েছেন। গোলাগুলি বন্ধের কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে দুই জনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি শ্রীমঙ্গল থানায় অ্যাম্বুলেন্সের ভেতর রাখা হয়েছে।’

বসু দত্ত চাকমা আরও বলেন, ‘আমাদের সঙ্গে আরও কিছু সন্ত্রাসী ছিল বলে মনে হচ্ছে। তাদের কাছ থেকে কিছু অস্ত্র, গুলি ও রাম দা উদ্ধার করা হয়েছে। মৃত দুই জনের পরিচয় পাওয়া না গেলেও অনেকেই বলছেন, তারা কমলগঞ্জের ব্যবসায়ী নাজমুল হত্যাকাণ্ডের পলাতক আসামি ছিল।’

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জামাল জানান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প থেকে দুটি লাশ পাঠানো হয়েছে। তবে, বিস্তারিত কিছু জানানো হয়নি।