এক গানে দুই পূজা

২০০৮ সালের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন বাঁধন সরকার পূজা। অন্যদিকে ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক। নায়িকা হিসেবে উপহার দিয়েছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর মতো সিনেমা।

সংগীত এবং অভিনয়ের দুই পূজার এবার এক হচ্ছেন একটি গানের মাধ্যমে। পূজা চেরি অভিনীত ‘সাইকো’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। গানটির শিরোনাম ‘আমি সাইকো’। এটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার লিংকন।

বাঁধন সরকার পূজা। ছবি: সংগৃহীত

অনন্য মামুন পরিচালিত সিনেমার গানটিতে সম্প্রতি কণ্ঠ দেন পূজা। টাইটেল গানের পাশাপাশি এটি ‘সাইকো’র আইটেম গানও। পর্দায় গানটির সঙ্গে পারফর্ম করবেন সিনেমার নায়িকা পূজা চেরি।

গানটি নিয়ে বাঁধন সরকার পূজা ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘পূজা চেরি আর আমার নাম নিয়ে অনেক মজা হয়। দুজন একসাথ হলে পাশে কেউ থাকলে নাম নিয়েই আড্ডা জমিয়ে দেয়। ওকে আমি ছোট বোনের মতোই দেখি। আমার এই গানটির সঙ্গে সে পারফর্ম করবে ভাবতেই ভালো লাগছে। আশাকরি গানটি সবাই পছন্দ করবেন।’

পূজা চেরি। ছবি: সংগৃহীত

‘সাইকো’ সিনেমায় আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, তাসকিন রহমান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ